Home / খবর / রাজ্য / বাংলায় বিজেপি সরকার গড়ার ডাক অমিত শাহের, ব্যারাকপুরের সভা থেকে তৃণমূলকে ‘টাটা বাই বাই’ বার্তা

বাংলায় বিজেপি সরকার গড়ার ডাক অমিত শাহের, ব্যারাকপুরের সভা থেকে তৃণমূলকে ‘টাটা বাই বাই’ বার্তা

শনিবার সকালে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের আনন্দপুরী মাঠে কর্মী সম্মেলনে যোগ দিয়ে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ‘ভারত মাতা কি জয়’ ও ‘জয় শ্রীরাম’ ধ্বনির মাধ্যমে বক্তৃতা শুরু করে শাহ বলেন, এবার বাংলায় বিজেপি সরকার গড়তেই হবে।

সভায় অমিত শাহ বলেন, কমিউনিস্ট শাসন থেকে মুক্তি পেতে রাজ্যের মানুষ তৃণমূলকে ক্ষমতায় এনেছিল। কিন্তু তৃণমূল সরকার এসে কাটমানি, ভাইপোর দাদাগিরি, পুলিশের অপব্যবহার এবং অনুপ্রবেশকে কার্যত “শিল্পে” পরিণত করেছে। তাঁর দাবি, বিপুল জনসমর্থন নিয়ে বাংলায় বিজেপির সরকার গঠিত হবে।

মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে শাহ বলেন, তাঁকে নিয়ে পরিহাস করা হলেও ইতিহাস সাক্ষী—রামসেতু তৈরির সময় রাবণও এমনই দম্ভ দেখিয়েছিল। তিনি আরও জানান, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি ৩৯ শতাংশ ভোট পেয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ৭৭টি আসন জিতেছিল এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হয়েছেন। আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির ভোট শতাংশ ৪৫-এ পৌঁছবে বলেও দাবি করেন শাহ।

দেশজুড়ে বিজেপির সাফল্যের খতিয়ান তুলে ধরে তিনি বলেন, টানা তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী। অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, অরুণাচল, বিহার-সহ একাধিক রাজ্যে বিজেপি সরকার গড়েছে। কেরলের তিরুঅনন্তপুর পুরসভা এবং মুম্বই পুরসভা নির্বাচনের জয়ের কথাও তুলে ধরেন তিনি। শাহের বক্তব্য, এবার বাংলার পালা।

সভা শেষে তৃণমূল সরকারের বিরুদ্ধে আরও অভিযোগ তুলে শাহ বলেন, ‘মা-মাটি-মানুষ’-এর স্লোগানে ক্ষমতায় এলেও রাজ্যে মহিলাদের নিরাপত্তা নেই, জমি দখল করছে অনুপ্রবেশকারীরা এবং সিন্ডিকেটের দাপটে সাধারণ মানুষ বিপর্যস্ত। এই তিনটির সুরক্ষার জন্যই বাংলায় বিজেপি সরকার প্রয়োজন বলে দাবি করেন তিনি।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *