Home / খবর / রাজ্য / পাঁচ মাস ধরে বন্ধ লক্ষ্মীর ভান্ডারের টাকা, ময়না নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট চাইল হাই কোর্ট

পাঁচ মাস ধরে বন্ধ লক্ষ্মীর ভান্ডারের টাকা, ময়না নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট চাইল হাই কোর্ট

পূর্ব মেদিনীপুরের ময়নায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঁচ মাস ধরে না পাওয়ার অভিযোগে রাজ্যের কাছে ব্যাখ্যা চাইল কলকাতা হাই কোর্ট। এই সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানিতে রাজ্য সরকারকে আগামী দু’সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে আগামী ১৭ ফেব্রুয়ারি।

অভিযোগ অনুযায়ী, ময়না বিধানসভার অন্তর্গত বাগচা গ্রাম পঞ্চায়েতে প্রায় সাত হাজার মহিলা দীর্ঘদিন ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্ট মহিলারা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়।

মামলাকারীদের পক্ষের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য আদালতে জানান, গত বছরের সেপ্টেম্বর মাস থেকে বাগচা গ্রামের উপভোক্তারা লক্ষ্মীর ভান্ডারের অর্থ পাননি। রাজ্য সরকারের এই প্রকল্পে তফসিলি জাতি ও জনজাতিভুক্ত মহিলারা মাসে ১২০০ টাকা এবং অন্যান্য মহিলারা ১০০০ টাকা করে পান। অথচ ময়নায় প্রায় সাত হাজার মহিলাকে পরিকল্পিতভাবে এই সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ।

আইনজীবীর আরও দাবি, জেলাশাসকের মাধ্যমে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হলেও শুধুমাত্র বিজেপি পরিচালিত এই গ্রাম পঞ্চায়েত এলাকাতেই সমস্যা দেখা দিয়েছে। অন্যদিকে, রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট এলাকা নিয়ে নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরে একাধিক অভিযোগ জমা পড়েছে। সেগুলি খতিয়ে দেখা হচ্ছে বলেই আদালতে জানিয়েছেন রাজ্যের আইনজীবী।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *