Home / খবর / রাজ্য / লজিক্যাল ডিসক্রিপ্যান্সি ও আনম্যাপড ভোটারের তালিকা প্রকাশ, ১ কোটি ৫১ লক্ষ নাম নিয়ে শুরু নতুন বিতর্ক

লজিক্যাল ডিসক্রিপ্যান্সি ও আনম্যাপড ভোটারের তালিকা প্রকাশ, ১ কোটি ৫১ লক্ষ নাম নিয়ে শুরু নতুন বিতর্ক

লজিক্যাল ডিসক্রিপ্যান্সি ও আনম্যাপড ভোটারদের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। শনিবার রাত সাড়ে ৯টার পর রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ওই তালিকা আপলোড করা হয়েছে। একই সঙ্গে বুথভিত্তিক এই তালিকা ERO ও AERO-দের কাছেও পাঠানো হয়েছে। কমিশন সূত্রে খবর, আপাতত শুধুমাত্র তাঁরাই এই তালিকা দেখতে পাচ্ছেন।

সাধারণ ভোটাররা রবিবার সকাল থেকে এই তালিকা দেখতে পারবেন। গ্রাম পঞ্চায়েত অফিস, ব্লক অফিস এবং ওয়ার্ড অফিসে তালিকা টাঙানো হবে বলে জানা গিয়েছে। কমিশন সূত্রের দাবি, প্রকাশিত তালিকায় মোট প্রায় ১ কোটি ৫১ লক্ষ ভোটারের নাম রয়েছে। এঁদের কারও ক্ষেত্রে তথ্যগত অসংগতি রয়েছে, আবার কারও ক্ষেত্রে ম্যাপিং সংক্রান্ত সমস্যা ধরা পড়েছে।

তবে তালিকা প্রকাশের সময় নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ শীর্ষ আদালত ২৪ জানুয়ারির মধ্যেই এই তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল। তা সত্ত্বেও শনিবার গভীর রাতে কেন তালিকা প্রকাশ করা হল, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, তালিকা প্রকাশের আগে দফায় দফায় রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে আধিকারিকদের বৈঠক হয় এবং দিল্লি থেকেও পরামর্শ নেওয়া হয়। শেষ পর্যন্ত দিল্লি থেকে তালিকা আসার পর রাতেই তা ওয়েবসাইটে আপলোড করা হয় এবং সংশ্লিষ্ট আধিকারিকদের পাঠানো হয়।

তবে সাধারণ ভোটাররা অনলাইনে কীভাবে নিজেদের নাম যাচাই করবেন, সে বিষয়ে কমিশনের তরফে এখনও স্পষ্ট কোনও দিকনির্দেশ দেওয়া হয়নি।

উল্লেখ্য, এর আগে বাংলায় তথ্যগত অসংগতির তালিকায় ৯৪ লক্ষ ৪৯ হাজার ১৩২ জন ভোটারের নাম এবং আনম্যাপড ভোটারের সংখ্যা ৩১ লক্ষ ৬৮ হাজার ৪২৬ বলে জানানো হয়েছিল। সব মিলিয়ে সেই সংখ্যা ছিল প্রায় ১ কোটি ২৬ লক্ষ। কিন্তু শনিবার প্রকাশিত নতুন তালিকায় মোট নামের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ৫১ লক্ষে।

সূত্রের দাবি, এর মধ্যে প্রায় ১ কোটি ২০ লক্ষ নাম রয়েছে তথ্যগত অসংগতির কারণে এবং আনম্যাপড ভোটারের সংখ্যা ৩১ থেকে ৩২ লক্ষের মধ্যে। এছাড়া শুনানিতে অনুপস্থিত ছিলেন প্রায় ১০ থেকে ১৫ শতাংশ ভোটার।

এখন কবে থেকে এবং কীভাবে সাধারণ মানুষ নিজেদের নাম যাচাই করতে পারবেন, তা নিয়েই নজর রয়েছে। আশা করা হচ্ছে, রবিবার সকাল থেকেই গ্রাম পঞ্চায়েত, ব্লক ও ওয়ার্ড অফিসে পূর্ণাঙ্গ তালিকা টাঙানো হলে কিছুটা হলেও স্বস্তি পাবেন ভোটাররা।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *