শেষ পর্যন্ত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিল আইসিসি। বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে শনিবার একাধিক আন্তর্জাতিক ক্রিকেট ওয়েবসাইট ও সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। খুব শীঘ্রই বিষয়টি নিয়ে আইসিসি’র তরফে আনুষ্ঠানিক ঘোষণা করা হতে পারে।
সূত্রের খবর, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ইতিমধ্যেই চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে আইসিসি। বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে গ্রুপ-সি’তে রাখা হয়েছে। এই গ্রুপে স্কটল্যান্ডের প্রতিপক্ষ হিসেবে থাকছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইটালি।
জানা গিয়েছে, বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বিসিবিকে একাধিকবার চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছিল আইসিসি। তবে বাংলাদেশ বোর্ড তাদের অবস্থানে অনড় থাকে। প্রথমে তারা শ্রীলঙ্কায় হাইব্রিড মডেলে বিশ্বকাপ খেলার প্রস্তাব দেয়, পরে গ্রুপ বদলের কথাও তোলে। কিন্তু কোনও প্রস্তাবই আইসিসি গ্রহণ করেনি। শেষ পর্যন্ত নির্দিষ্ট ডেডলাইনের মধ্যেও সিদ্ধান্ত না জানিয়ে বিসিবি স্পষ্ট করে দেয়, তারা ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না।
এই প্রসঙ্গে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “আর্থিক ক্ষতির চেয়েও আমাদের কাছে খেলোয়াড়, সমর্থক ও সংবাদমাধ্যম কর্মীদের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেখানে নিরাপত্তা ঝুঁকি রয়েছে, সেখানে দল পাঠানো সম্ভব নয়। কোনও দেশে খেলতে যাবে কি না, সেই সিদ্ধান্ত সরকারের।”
বিশ্বকাপ শুরু হতে আর বেশি সময় না থাকায় আইসিসি আর অপেক্ষা না করে দ্রুত সিদ্ধান্ত নেয়। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনিশ্চয়তা দীর্ঘদিন মেনে নেওয়া সম্ভব ছিল না বলেই মনে করছে ক্রিকেট মহল। ফলত, আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হয়েছে।
সূত্র অনুযায়ী, স্কটল্যান্ডের বিশ্বকাপ অভিযান শুরু হতে পারে ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। ৯ ফেব্রুয়ারি ইটালি, ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা—এই ম্যাচগুলি ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা। ১৭ ফেব্রুয়ারি ওয়াংখেড়েতে নেপালের বিরুদ্ধে নামবে স্কটিশ দল।










