আসানসোল: কালচারাল অ্যান্ড লিটারেরি ফোরাম অফ বেঙ্গলের উদ্যোগে আগামী ২৬ জানুয়ারি থেকে আসানসোলের রবীন্দ্র ভবনে শুরু হতে চলেছে ‘আসানসোল সংস্কৃতি উৎসব ও ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬’। চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত।
এই উৎসব উপলক্ষে আসানসোল কফি হাউসে ফোরামের তরফে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তথা আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি সহ শিল্পাঞ্চলের একাধিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
সংবাদ সম্মেলনে জিতেন্দ্র তিওয়ারি জানান, গত বছর সফলভাবে আসানসোল চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছিল। সেই ধারাবাহিকতা বজায় রেখেই এ বছর আরও বড় পরিসরে সংস্কৃতি উৎসব ও ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করা হচ্ছে। এই চার দিনের উৎসবে বাংলা, হিন্দি ও উর্দু ভাষার একাধিক জনপ্রিয় ও স্মরণীয় ছবি প্রদর্শিত হবে। পাশাপাশি থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান।
তিনি আরও জানান, উৎসব দেখতে দর্শকদের জন্য বিশেষ পাসের ব্যবস্থাও রাখা হয়েছে। এ বছর অনুষ্ঠানস্থলে সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের নামে একটি সেলফি পয়েন্টও তৈরি করা হবে।
উৎসবের সূচনা হবে ২৬ জানুয়ারি সত্যজিৎ রায়ের কালজয়ী ছবি ‘সোনার কেল্লা’ প্রদর্শনের মাধ্যমে। ২৯ জানুয়ারি প্রদর্শিত হবে শেষ ছবি ‘শোলে’—যা এ বছর মুক্তির ৫০ বছর পূর্ণ করছে। এছাড়াও প্রদর্শিত হবে ‘পড়োসন নিকাহ’, উত্তম কুমারের অভিনীত জনপ্রিয় বাংলা ছবি ‘সাড়ে ৭৪’-সহ আরও বহু বিখ্যাত ছবি।
জিতেন্দ্র তিওয়ারি জানান, এ বছর মহানায়ক উত্তম কুমার ও অভিনেতা সন্তোষ দত্তের জন্মশতবর্ষ। তাঁদের স্মরণেই বিশেষভাবে চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়েছে। পাশাপাশি কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ এবং ভূপেন হাজারিকার ১০১তম জন্মবর্ষ উপলক্ষে থাকছে আলাদা সাংস্কৃতিক অনুষ্ঠান।
আয়োজকদের মতে, আসানসোল ছাড়াও জামুরিয়া, রানিগঞ্জ, কুলটি, পাণ্ডবেশ্বর ও বারাবনির বহু বুদ্ধিজীবী ও সংস্কৃতিপ্রেমী মানুষ এই উৎসবে অংশগ্রহণ করবেন।










