Home / খবর / জেলায় জেলায় / চার দিন পর উদ্ধার সুন্দরবনের নদীতে পড়ে যাওয়া পর্যটকের দেহ

চার দিন পর উদ্ধার সুন্দরবনের নদীতে পড়ে যাওয়া পর্যটকের দেহ

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি: সুন্দরবনের মাতলা নদীতে লঞ্চ থেকে পড়ে যাওয়া পর্যটকের দেহ মিলল চার দিন পর। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে।

শীতকাল মানেই সুন্দরবনে পর্যটকদের ভিড়। রয়্যাল বেঙ্গল টাইগার দেখার পাশাপাশি নদীর বুকে লঞ্চে রাত কাটানো বহু পর্যটকের কাছেই অন্যতম আকর্ষণ। কিন্তু সেই ভ্রমণই মর্মান্তিক পরিণতি ডেকে আনল এক যুবকের জীবনে।

সম্প্রতি গড়িয়া থেকে ২২ জনের একটি পর্যটকদল সুন্দরবনে বেড়াতে যান। গত শনিবার রাতে কুলতলির কৈখালির কাছে মাতলা নদীতে লঞ্চে রাত কাটানোর সময় আচমকা পা পিছলে নদীতে পড়ে যান সুমন পাল (৩৫)। তিনি পাটুলি থানার ব্রিজি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

ঘটনার পর রাতভর নদীতে তল্লাশি চালানো হলেও তাঁর কোনও খোঁজ মেলেনি। রবিবার সকালে সঙ্গীরা কুলতলি থানায় খবর দেন। পুলিশ দশ জনের একটি ডুবুরি দল নিয়ে মাতলা নদীতে তল্লাশি শুরু করে। একাধিক দিন অনুসন্ধান চালিয়েও নিখোঁজ পর্যটকের সন্ধান পাওয়া যায়নি।

শেষ পর্যন্ত বুধবার বিকেলে স্থানীয় মৎস্যজীবীরা নৈপুকুরিয়া নদীর কাটমারি ঘাট এলাকায় একটি দেহ ভাসতে দেখতে পান। তারাই পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সম্পূর্ণ তদন্ত শুরু হয়েছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *