আসানসোল : ২০২৫ সালে অপারেশন “আহাট” (মানব পাচারের বিরুদ্ধে অভিযান বা এ্যাকশান এগেনেস্ট হিউম্যান ট্রাফিকিং ) র অধীনে রেলওয়ে সুরক্ষা বাহিনী বা আরপিএফ প্রশংসনীয় কর্মক্ষমতার মাধ্যমে পূর্ব রেলের আসানসোল ডিভিশনে রেলে নিরাপত্তা বৃদ্ধি এবং সমাজের দুর্বল অংশগুলিকে রক্ষা করার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
ক্রমাগত নজরদারি, দ্রুত কার্যকরী প্রতিক্রিয়া এবং কার্যকর সমন্বয়ের মাধ্যমে, আসানসোল ডিভিশনের রেলওয়ে সুরক্ষা বাহিনী ২৭ জন ছেলে এবং ১ জন মেয়ে সহ ২৮ জনকে উদ্ধার করেছে। এদেরকে পাচার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। সবমিলিয়ে ১৭ জন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। যা রেল স্টেশন এলাকায় শিশু সুরক্ষা এবং যাত্রী সুরক্ষার প্রতি তাদের দৃঢ় অঙ্গীকার প্রদর্শন করে।
রেলওয়ে নেটওয়ার্কের মধ্যে মানব পাচারের বিরুদ্ধে লড়াই করার জন্য রেলওয়ে সুরক্ষা বাহিনীর প্রধান অভিযান হল অপারেশন “আহাট” ।
এই অভিযান আরও তীব্র করার জন্য, ভারতীয় রেল জুড়ে মানব পাচার বিরোধী ইউনিট স্থাপন করা হয়েছে। যা নজরদারি, গোয়েন্দা তথ্য-ভিত্তিক পদক্ষেপ এবং সময়োপযোগী হস্তক্ষেপ সক্ষম করে। এই বিশেষ ইউনিটগুলি রেলওয়ে সুরক্ষা বাহিনীর কর্মীদের পাচারের লক্ষণগুলি সনাক্ত করতে এবং অপরাধ বৃদ্ধির আগেই তা প্রতিরোধ করার জন্য সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা বৃদ্ধি করেছে।
আসানসোল ডিভিশনের রেলওয়ে সুরক্ষা বাহিনীর দলের সাফল্যগুলি সতর্ক নজরদারি, সমন্বিত অভিযান এবং প্রশিক্ষিত কর্মীদের দ্বারা তাৎক্ষণিক পদক্ষেপের কার্যকারিতা তুলে ধরে। তাদের চেষ্টা স্টেশন এবং ট্রেনগুলিকে পাচার থেকে সুরক্ষিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এর ফলে পাচার করার আগেই শিশুদেরকে রক্ষা করা সম্ভব হয়েছে। এরজন্য রেলওয়ে নিরাপত্তা ব্যবস্থার প্রতি জনসাধারণের আস্থা জোরদার হয়েছে।










