আসানসোল : নির্বাচন কমিশনের নির্দেশ সত্বেও, অমান্য করে অন্যায্যভাবে ফর্ম ৭ জমা নেওয়া হচ্ছে না। পশ্চিম বর্ধমান জেলার ইআরওর বিরুদ্ধে এমনই অভিযোগ বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা নেতৃত্বর।
এই দাবি ও অভিযোগ করে বুধবার জেলা বিজেপি নেতৃত্ব আসানসোল আদালত সংলগ্ন ঘড়ি মোড়ে ধর্ণা অবস্থান ও বিক্ষোভ করে। এই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ও জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য। এই আন্দোলনে দলের অন্যান্য নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
এই বিষয়ে দেবতনু ভট্টাচার্য বলেন, মঙ্গলবার পর্যন্ত নির্বাচন কমিশন সময় দিয়েছিল যে যদি কারো নামে কোনও অসঙ্গতি পাওয়া যায়, তাহলে নির্বাচন কমিশনে অভিযোগ করা যেতে পারে। এর জন্য ফর্ম ৭ পূরণ করতে হবে। বিজেপির বিএলএ যখন ফর্ম ৭ নিয়ে এই জেলার ইআরওর কাছে যাচ্ছেন, তখন তা গ্রহণ করা হচ্ছে না।
বিজেপি জেলা সভাপতি আরও বলেন, মনে হচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃতভাবে তালিকায় অযোগ্যদের নাম রাখতে চায়। কারণ ভোটার তালিকায় অযোগ্যদের রেখে তারা নির্বাচনে জিততে পারে। এর বিরোধিতা করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের নির্দেশে, ইআরও এমনভাবে ফর্ম ৭ নিতে অস্বীকার করছে, যা নির্বাচন কমিশনের একজন আধিকারিক হিসেবে তিনি করতে পারেন না। বিজেপির জেলা সভাপতি আরও বলেন, সারা দেশের একাধিক রাজ্যে এসআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন চলছে। কিন্তু কোথাও কোনও অসুবিধা হয়নি। শুধুমাত্র বাংলায় তৃণমূল ইচ্ছাকৃতভাবে সমস্যা তৈরি করছে।
যদিও, জেলা প্রশাসনের এক আধিকারিক বিজেপির এই অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশ ও গাইডলাইন মেনে এসআইআর প্রক্রিয়া চলছে।










