Home / খবর / খেলা / টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তে অনড় বাংলাদেশ, আইসিসির সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বৈঠক

টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তে অনড় বাংলাদেশ, আইসিসির সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বৈঠক

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে আসবে না বাংলাদেশ—এই অবস্থানেই অনড় থাকল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বৈঠকের পর ফের নিজেদের সিদ্ধান্তের কথা স্পষ্ট করে জানায় বিসিবি।

বৈঠকে বিসিবির তরফে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি মহম্মদ সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালন কমিটির প্রধান নাজমুল আবেদিন এবং সিইও নিজামউদ্দিন চৌধুরী। বিসিবি কর্তাদের বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে ভারতে দল পাঠানো সম্ভব নয়। তবে প্রয়োজনে শ্রীলঙ্কা বা অন্য কোনও দেশে ম্যাচ খেলতে তাদের আপত্তি নেই।

আইসিসির প্রতিনিধিরা জানান, বিশ্বকাপের সূচি অনেক আগেই চূড়ান্ত হয়েছে এবং সেই অনুযায়ী সব প্রস্তুতিও সম্পন্ন। বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নেই বলেও আশ্বাস দেন তাঁরা। সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানানো হলেও বিসিবি তাদের অবস্থান থেকে সরে আসেনি। যদিও আলোচনার দরজা খোলা রাখার কথা জানিয়েছে দুই পক্ষই।

উল্লেখ্য, ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তের সূত্রপাত হয় মুস্তাফিজুর রহমানকে আসন্ন আইপিএল থেকে বাদ দেওয়ার পর। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল প্রকাশ্যে জানান, এই ঘটনার প্রতিবাদেই ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত। পরে সরকারের চাপেই আইসিসিকে চিঠি দেয় বিসিবি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও বিসিবির মতে, বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে আশঙ্কা রয়েছে।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *