দুর্গাপুর : পশ্চিম বর্ধমানে আসানসোল জেলা হাসপাতালের পরে এবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে চালু হতে চলেছে ” ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট ” ।
বলা যেতে পারে যে, এর ফলে দুর্গাপুর মহকুমা হাসপাতালে যুক্ত হতে চলেছে আরও এক গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরিষেবা। পশ্চিম বর্ধমান জেলায় এর আগে ২০১৭ সালে আসানসোল জেলা হাসপাতালে তৈরি হয় এই ইউনিট।
সোমবার দুপুরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে এক সাংবাদিক সম্মেলনে ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট তৈরির কথা জানান রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। ছিলেন মহকুমা হাসপাতালের সুপার ডাঃ ধীমান মন্ডল, মহকুমা হাসপাতাল রোগী কল্যান সমিতির আহ্বায়ক তথা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান কবি দত্ত এবং ব্লাড ব্যাঙ্কের মেডিক্যাল অফিসার ইনচার্জ ডাঃ করবী কুন্ডু।
এই প্রসঙ্গে কবি দত্ত বলেন, রাজ্য সরকারের কাছ থেকে পাওয়া প্রায় চার কোটি টাকা ব্যয়ে এই ইউনিট গড়ে তোলা হবে। সব অনুমোদন পাওয়া গেছে। দ্রুত এর কাজ শুরু হবে। এই ইউনিট চালু হলে সংগৃহীত রক্তকে রেড সেল, প্লাজমা ও প্লেটলেট—এই তিনটি উপাদানে আলাদা করা সম্ভব হবে। ফলে রোগীর প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট রক্ত উপাদান ব্যবহার করা যাবে। এর মাধ্যমে এক ব্যাগ রক্ত থেকেই একাধিক রোগীর চিকিৎসা সম্ভব হবে এবং রক্তের অপচয় অনেকাংশে কমবে।
তিনি আরও বলেন, একটা হাসপাতালে অনেক কিছু দরকার হয়। কিন্তু তা সরকারি সব সময় দিতে পারে না। তার জন্য অনেক অনেক সংগঠনকে বলতে হয়। তারা এগিয়ে আসে। দুর্গাপুর মহকুমা হাসপাতালের ক্ষেত্রেও তা করা হচ্ছে।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, এই নতুন পরিষেবা চালু হলে দুর্গাপুর সহ আশপাশের বিস্তীর্ণ এলাকার মানুষ আরও উন্নত, আধুনিক ও দ্রুত রক্তের পরিষেবা পাবেন।










