বার্নপুর: সাঁওতাল সম্প্রদায়ের সর্বশ্রেষ্ঠ পবিত্র উৎসব বাঁদনা পরবকে সামনে রেখে যুব দিবসে বিশেষ উদ্যোগ নিল সামাজিক সংগঠন ‘ইওর অর্গানাইজেশন’। সোমবার আসানসোলের হিরাপুর থানার অন্তর্গত বার্নপুরের শ্যামডিহি সাঁওতাল পাড়ায় ৮৯ জন সাঁওতাল মহিলার হাতে নতুন শাড়ি তুলে দেওয়া হয় সংগঠনের তরফে।
পরবের আগে উপহার পেয়ে খুশিতে ভরে ওঠে সাঁওতাল পাড়া। ধামসা-মাদলের তালে নৃত্য, হাসি-আনন্দে মুখর হয়ে ওঠে দামোদর নদের ধারে ছায়াঘেরা এই প্রান্তিক অঞ্চল। শাড়ি বিতরণের সম্পূর্ণ ব্যয়ভার বহন করেন সংগঠনের সদস্যরাই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের চিফ পেট্রোন ডাঃ মহাদেব মাজি, ডাঃ ধারা মাজি, শিক্ষক বিশ্বনাথ মিত্র, শিক্ষিকা সুনন্দা পাল দত্ত, শিক্ষক সন্দীপ মুখোপাধ্যায়, শিক্ষক সৌরভ লায়েক, অতনু চক্রবর্তী, প্রসেনজিৎ দাস, সঙ্গীতশিল্পী সংঘমিত্রা মুখোপাধ্যায়, শিক্ষিকা প্রগতি মন্ডল ও প্রাক্তন শিক্ষক জে কে পট্টনায়ক।
অনুষ্ঠান প্রসঙ্গে আমেরিকা প্রবাসী দেবযানী সরকার জানান, প্রতি বছর বাঁদনা পরবের সময় এই এলাকার মহিলাদের পাশে থাকার চেষ্টা করা হয় এবং ভবিষ্যতেও সেই উদ্যোগ চলবে। ডাঃ ধারা মাজির কথায়, বাঁদনা পরবে তাঁদের আনন্দে সামিল হতে পারাটাই সংগঠনের সবচেয়ে বড় প্রাপ্তি। সংগঠনের সদস্যরা জানান, দুর্গাপুজোর মতোই বাঁদনা পরব সাঁওতালদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সরল জনজাতির সঙ্গে এই আনন্দ ভাগ করে নেওয়াই তাঁদের উদ্দেশ্য।
পরবের আগে নতুন শাড়ি পেয়ে খুশি সাঁওতাল পাড়ার মহিলারাও। তাঁদের কথায়, সময় সময় সংগঠনের সদস্যদের খোঁজখবর ও পাশে থাকা তাঁদের কাছে অনেক বড় বিষয়, উপহার যেন তারই সঙ্গে বাড়তি আনন্দ।










