টি-টোয়েন্টি বিশ্বকাপের দিন যত এগিয়ে আসছে, ততই বাংলাদেশের ভারতে এসে ম্যাচ খেলা নিয়ে জটিলতা বাড়ছে। তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ার পরই নড়েচড়ে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে তারা জানিয়েছে, বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে আসবে না বাংলাদেশ দল। সেই সঙ্গে ম্যাচগুলি শ্রীলঙ্কায় সরানোর আবেদন জানানো হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) কাছে। তবে বাংলাদেশের এই দাবি কার্যত খারিজ করে দিয়েছে আইসিসি।
৪ জানুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে এক বিবৃতিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে ভারতে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বাংলাদেশ সরকারের পরামর্শ মেনেই ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। কিন্তু এই যুক্তিতে কর্ণপাত করেনি আইসিসি। আলোচনার মাধ্যমে সমাধান সূত্র খোঁজার কথা জানালেও, পরবর্তী ই-মেলেও বাংলাদেশের আবেদনে সাড়া মেলেনি।
সংবাদমাধ্যম ‘রেভস্পোর্টজ়’-কে দেওয়া সাক্ষাৎকারে আইসিসির এক কর্তা জানান, নিরাপত্তা নিয়ে কোনও যুক্তিসংগত কারণ দেখাতে পারেনি বাংলাদেশ। তাঁর কথায়, সত্যিই যদি নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকত, তবে পরিস্থিতি খতিয়ে দেখতে ভারতে বিশেষ প্রতিনিধি দল পাঠানো যেত। কিন্তু সেই পথে যায়নি বিসিবি। তাই এই দাবিকে গুরুত্ব দিচ্ছে না আইসিসি।
আইসিসি কর্তার আরও বক্তব্য, ম্যাচ সরানোর ক্ষেত্রে নির্দিষ্ট নিরাপত্তা রিপোর্ট ও সিকিউরিটি টিমের পর্যবেক্ষণ জরুরি। সেই প্রক্রিয়া না মেনেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। পাশাপাশি তিনি মনে করিয়ে দেন, বহুজাতিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে ভারতের নিরাপত্তা ব্যবস্থা ও রেকর্ড যথেষ্ট শক্তিশালী। ফলে বিশ্বকাপের ম্যাচ ভারতে আয়োজন নিয়ে আইসিসির তরফে আপাতত কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই।










