Home / খবর / বিশ্ব / নিরাপত্তা উদ্বেগ! ভারতীয়দের পর্যটক ভিসা বন্ধ করল বাংলাদেশ

নিরাপত্তা উদ্বেগ! ভারতীয়দের পর্যটক ভিসা বন্ধ করল বাংলাদেশ

নিরাপত্তাজনিত কারণে ভারতীয় নাগরিকদের পর্যটক ভিসা দেওয়া আপাতত বন্ধ করে দিল বাংলাদেশ। বুধবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে ভারতীয় বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে। ফলে আগামী এক-দু’মাস বাংলাদেশে বেড়াতে যাওয়ার জন্য ভারতীয় পর্যটকদের ভিসা পাওয়ার সম্ভাবনা কার্যত নেই।

এর আগে দিল্লির বাংলাদেশ দূতাবাস ও আগরতলার উপদূতাবাস থেকে পর্যটক ভিসা দেওয়া বন্ধ করা হয়েছিল। একমাত্র কলকাতার বাংলাদেশ উপদূতাবাস থেকেই এই পরিষেবা চালু ছিল। বুধবার থেকে সেটিও বন্ধ হয়ে যাওয়ায় গোটা দেশে বাংলাদেশে যাওয়ার জন্য পর্যটক ভিসা মিলছে না।

যদিও এই সিদ্ধান্ত নিয়ে কলকাতার উপদূতাবাস বা দিল্লির দূতাবাসের তরফে কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি। তবে বিদেশমন্ত্রক সূত্রে খবর, ভারতীয়দের জন্য এমপ্লয়মেন্ট ভিসা (কর্মসূত্রে), বিজনেস ভিসা এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ভিসা এখনও চালু রয়েছে। এই সব ভিসা বহুস্তরীয় যাচাইয়ের মাধ্যমে দেওয়া হয় বলে নিরাপত্তার বিষয়টি তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়। পর্যটকদের ক্ষেত্রে তা কঠিন বলেই মত কূটনৈতিক মহলের।

তবে বিশেষ পরিস্থিতিতে, দূতাবাস বা উপদূতাবাসের বিবেচনায় সাধারণ নাগরিকদের ভিসা দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। তা সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর নির্ভর করবে।

কূটনৈতিক সূত্রের দাবি, ২০২৪ সালের অগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা ও ভারতবিরোধী ভাষ্য বেড়েছে। তার উপর আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন। ভোটের আগে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলেই আশঙ্কা। এই পরিস্থিতিতে সাধারণ ভারতীয় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হওয়ায় ‘আপাতত’ পর্যটক ভিসা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনপর্ব শেষ হলেও ফেব্রুয়ারির শেষের আগে এই পরিষেবা ফের চালু হওয়ার সম্ভাবনা কম বলেই ইঙ্গিত মিলছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *