Home / খবর / জেলায় জেলায় / সুন্দরবনে ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল বিরল মেলানিস্টিক লেপার্ড ক্যাট

সুন্দরবনে ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল বিরল মেলানিস্টিক লেপার্ড ক্যাট

সংগৃহীত প্রতীকী ছবি

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সুন্দরবন: দীর্ঘ এক যুগ পর ফের সুন্দরবনের জঙ্গলে মিলল বিরল ও বিপন্ন প্রজাতির প্রাণী মেলানিস্টিক লেপার্ড ক্যাট। ২০২৪-২৫ সালের জাতীয় বাঘশুমারির কাজে বসানো ট্র্যাপ ক্যামেরায় এই লাজুক নিশাচর প্রাণীর ছবি ধরা পড়েছে, যা দেখে খুশি বনকর্মী ও বিজ্ঞানীরা।

বাঘশুমারির অংশ হিসেবে সুন্দরবনের বিভিন্ন জঙ্গলে ‘ইনফ্রারেড’ ও ‘ভিজিবল রেঞ্জ’ ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছিল। বছর শেষে সেই ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতেই নজরে আসে মেলানিস্টিক লেপার্ড ক্যাটের উপস্থিতি। দক্ষিণ ২৪ পরগনা বন বিভাগের রায়দিঘি রেঞ্জের ধুলিভাসানি, হেড়োভাঙা এবং আজমলমারি এলাকা মিলিয়ে মোট ছ’টি স্থানে এই প্রাণীর অস্তিত্ব মিলেছে।

উল্লেখ্য, ২০১২ সালে সুন্দরবনের বাদাবনে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচারের একটি গবেষণা প্রকল্প চলাকালীন প্রথমবার এই প্রজাতির অস্তিত্বের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। তবে সে সময় কোনও প্রামাণ্য ছবি হাতে আসেনি। এবারের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়া স্পষ্ট ছবি সেই ঘাটতি পূরণ করল।

সুন্দরবন টাইগার রিজার্ভের ফিল্ড ডিরেক্টর রাজেন্দ্র জাখর জানান, বাঘশুমারির কাজ করতে গিয়ে প্রতি বারই জীববৈচিত্র্য সম্পর্কে নতুন নতুন তথ্য সামনে আসে। তাঁর কথায়, মেলানিস্টিক লেপার্ড ক্যাট অত্যন্ত লাজুক ও নিশাচর প্রাণী। ট্র্যাপ ক্যামেরায় তাদের ছবি ধরা পড়া সত্যিই বিরল ঘটনা। এই ছবির ভিত্তিতে অনুমান করা হচ্ছে, সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় এই প্রজাতির সংখ্যা হয়তো ধারণার চেয়ে কম নয়।

বিরল এই প্রাণীর ফের সন্ধান মেলায় খুশি সুন্দরবনের স্থানীয় মানুষজনও। বন দফতরের আশা, এই আবিষ্কার ভবিষ্যতে সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে নতুন দিশা দেখাবে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *