উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সোনারপুর : অবশেষে সোনারপুর ফ্লাইওভার থেকে সরানো হচ্ছে পরিত্যক্ত গাড়ি,স্বস্তিতে এলাকাবাসী। দীর্ঘ দিনের সমস্যার অবসান ঘটতে চলেছে সোনারপুর ফ্লাইওভারে। অবশেষে ফ্লাইওভার থেকে সরানো হচ্ছে পরিত্যক্ত গাড়ি। এই সিদ্ধান্তে খুশি স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীরা।
ফ্লাইওভারে দীর্ঘদিন ধরে একাধিক পরিত্যক্ত গাড়ি দাঁড়িয়ে থাকার ফলে প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল। শুধু তাই নয়, এই গাড়িগুলির কারণে একাধিকবার দুর্ঘটনার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পর অবশেষে প্রশাসনের পক্ষ থেকে এই সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হল।
ঘাসিয়াড়া সংলগ্ন এলাকায় সোনারপুর-২ গ্রাম পঞ্চায়েতের পূর্ত দপ্তরের একটি নির্দিষ্ট জায়গায় আপাতত এই সব পরিত্যক্ত গাড়ি রাখার ব্যবস্থা করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট মামলাগুলির নিষ্পত্তির ক্ষেত্রেও দ্রুত আইনি প্রক্রিয়া শুরু করা হবে। ফ্লাইওভারকে পুরোপুরি যান চলাচলের উপযোগী করে তুলতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে।
এই কাজের শুভ সূচনা করেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্র। তিনি জানান, এই এলাকার যানজট কমাতে প্রশাসনের পক্ষ থেকে একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে এবং ফ্লাইওভারকে যানজটমুক্ত রাখাই মূল লক্ষ্য।
এই উপলক্ষে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুর থানার আইসি আশিস দাস, সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বলাই চন্দ্র বারিক ও কাউন্সিলার সন্দীপ নস্কর।বিধায়ক লাভলী মৈত্র এও জানান, আগামী এক সপ্তাহের মধ্যেই পুরো ফ্লাইওভার পরিত্যক্ত গাড়িমুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। দিনের বেলায় যানজট কমানোর জন্য মূলত রাতের দিকেই এই কাজ করা হবে। প্রশাসনের এই উদ্যোগে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ।










