Home / খবর / জেলায় জেলায় / রাষ্ট্রীয় কিষান দিবসে নিমপীঠে কৃষকদের সম্মাননা

রাষ্ট্রীয় কিষান দিবসে নিমপীঠে কৃষকদের সম্মাননা

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: রাষ্ট্রীয় কিষান দিবস উপলক্ষে মঙ্গলবার নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের কৃষি বিজ্ঞান কেন্দ্রে কৃষকদের সম্মানে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃষকদের নিরলস পরিশ্রম, তাঁদের অবদান এবং জাতি গঠনে কৃষিক্ষেত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা হয়।

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিশিষ্ট কৃষকনেতা চৌধুরী চরণ সিং-এর স্মৃতিতে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার প্রগতিশীল কৃষক, কৃষিবিজ্ঞানী, ছাত্রছাত্রী মিলিয়ে প্রায় ২০০ জন উপস্থিত ছিলেন। পাশাপাশি, ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন কৃষি বিজ্ঞান কেন্দ্র, কৃষি গবেষণা প্রতিষ্ঠান এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরাও এই কর্মসূচিতে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী ও প্রধান ড. চন্দন কুমার মন্ডল স্বাগত ভাষণ দেন। তিনি চৌধুরী চরণ সিং-এর জন্মদিনকে রাষ্ট্রীয় কিষান দিবস হিসেবে পালনের গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করেন।

এদিন মথুরাপুর ২ ব্লকের রাধাকান্তপুর এলাকার দুই প্রগতিশীল কৃষক তারকনাথ হালদার ও ভরত কর্মকারকে তাঁদের আধুনিক কৃষি পদ্ধতির সফল প্রয়োগ, নিষ্ঠা ও সাফল্যের জন্য বিশেষভাবে সংবর্ধনা জানানো হয়। সম্মাননা গ্রহণের পর তাঁরা নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেন। তাঁদের কথায়, এক সময় জমিতে দীর্ঘদিন জল জমে থাকার কারণে বছরে মাত্র একবার ফসল ফলানো যেত। কিন্তু কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীদের পরামর্শে ল্যান্ড শেপিং পদ্ধতি, আধুনিক সেচব্যবস্থা এবং উন্নত বীজ ব্যবহারের মাধ্যমে বর্তমানে বছরে তিন থেকে চারটি ফসল উৎপাদন সম্ভব হচ্ছে।

রাষ্ট্রীয় কিষান দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে কৃষকদের প্রাপ্য সম্মান ও স্বীকৃতি প্রদানের পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মকে কৃষিকাজের প্রতি আগ্রহী করে তোলার বার্তা দেওয়া হয়।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *