সোমবার কলকাতায় মরশুমের শীতলতম দিন। রবিবার রাত থেকেই পারদ নামতে শুরু করে, সোমবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে প্রায় ০.৭ ডিগ্রি কম। শহরের পাশাপাশি উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তীব্র শীতের আমেজ অনুভূত হচ্ছে। অধিকাংশ জেলাতেই সকালবেলা ঘন কুয়াশার দাপট লক্ষ্য করা যাচ্ছে।
মাত্র দু’দিন আগেও কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াস। সেখান থেকে হঠাৎ করেই তাপমাত্রায় বড়সড় পতন হয়েছে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দিনের তাপমাত্রায় প্রায় ৫ ডিগ্রি পার্থক্য দেখা গিয়েছে। ফলে বড়দিনের আগেই শহর ও জেলাগুলিতে জাঁকিয়ে শীত পড়েছে।
ঘন কুয়াশার জেরে রাস্তায় দৃশ্যমানতা কমে যাওয়ায় প্রশাসনের তরফে হাইওয়েতে চলাচলকারী বড় গাড়ি ও ট্রাক চালকদের সতর্ক করা হয়েছে। কুয়াশার কারণে পথ দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য জানান, শীতকালে সাধারণত সকাল সাড়ে ৯টা বা ১০টার মধ্যেই ঝলমলে রোদ উঠে যায়। তবে রবিবার পরিস্থিতি ছিল কিছুটা ব্যতিক্রমী। এ দিন প্রায় সকাল ১১টা পর্যন্ত সূর্যের তেজ তেমনভাবে বাড়েনি, যার ফলে সারাদিনই ঠান্ডার অনুভূতি বজায় ছিল।
আগামী কয়েক দিন এই শীতের আমেজ কতটা স্থায়ী হয়, তা আবহাওয়া দফতরের পরবর্তী পূর্বাভাসের দিকেই এখন তাকিয়ে শহরবাসী।










