Home / খবর / রাজ্য / বছর শেষে বড়সড় রাজনৈতিক কর্মসূচি তৃণমূলের, বড়জোড়া কলেজ মাঠে জনসভা করবেন মমতা

বছর শেষে বড়সড় রাজনৈতিক কর্মসূচি তৃণমূলের, বড়জোড়া কলেজ মাঠে জনসভা করবেন মমতা

বছরের শেষ লগ্নে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) ঘিরে যখন তৃণমূলের সংগঠন চাঙ্গা রাখতে ব্যস্ত সর্বস্তরের নেতা-কর্মীরা, ঠিক তখনই বড় রাজনৈতিক কর্মসূচির পথে হাঁটছেন তৃণমূল সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, সব কিছু ঠিক থাকলে আগামী ৩০ ডিসেম্বর বাঁকুড়া জেলার বড়জোড়া কলেজ মাঠে জনসভা করবেন মুখ্যমন্ত্রী। তবে ওই সফরে কোনও প্রশাসনিক সভা বা বৈঠক থাকবে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানানো হয়নি।

মুখ্যমন্ত্রীর এই সভা ঘিরে বাঁকুড়া জেলা তৃণমূলের অন্দরে কৌতূহল তুঙ্গে। জেলা নেতৃত্বের দাবি, সফরের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সোমবার গোটা বিষয়টি নিয়ে বৈঠকে বসবেন জেলা তৃণমূলের শীর্ষ নেতারা। সভায় বড় জমায়েতের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

উল্লেখযোগ্য ভাবে, বড়জোড়া এলাকা বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত। গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে মাত্র পাঁচ হাজার ভোটের ব্যবধানে তৃণমূলের পরাজয় হয়েছিল। বিজেপির সৌমিত্র খাঁ জয়ী হওয়ায় আগামী বিধানসভা নির্বাচনের আগে এই লোকসভা এলাকার সব বিধানসভা আসনে সংগঠন আরও মজবুত করার দিকেই নজর দিচ্ছে রাজ্য নেতৃত্ব।

এর মধ্যেই ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। বিধানসভা নির্বাচন সামনে থাকায় এ বছরের প্রতিষ্ঠা দিবসের রাজনৈতিক গুরুত্ব বাড়ছে বলেই মত দলের এক শীর্ষ নেতার। তাঁর দাবি, বড়জোড়ার সভা থেকেই আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ের বার্তা ও রূপরেখা স্পষ্ট করে দিতে পারেন মুখ্যমন্ত্রী।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *