Home / খবর / বিশ্ব / তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নয়াদিল্লির, নিরাপত্তার কারণে ঢাকায় ভারতীয় ভিসা আবেদনকেন্দ্র বন্ধ

তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নয়াদিল্লির, নিরাপত্তার কারণে ঢাকায় ভারতীয় ভিসা আবেদনকেন্দ্র বন্ধ

নিরাপত্তাগত কারণের কথা জানিয়ে ঢাকায় ভারতীয় ভিসা আবেদনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। বুধবার দুপুর ২টো থেকে ঢাকার ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) বন্ধ রাখা হয়েছে বলে একটি বিবৃতিতে জানানো হয়েছে। তবে এই কেন্দ্র কবে পর্যন্ত বন্ধ থাকবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। বুধবার যাঁরা ভিসার জন্য স্লট বুক করেছিলেন, তাঁদের জন্য পরে নতুন দিন ও সময় জানানো হবে বলে জানিয়েছে আইভ্যাক কর্তৃপক্ষ।

বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করা হলেও ঠিক কী কারণে এই সিদ্ধান্ত, তা বিস্তারিত ভাবে জানানো হয়নি। ফলে বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। ঘটনাচক্রে, একই দিন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাকে তলব করে ভারতের বিদেশ মন্ত্রক। সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লার সাম্প্রতিক ভারতবিরোধী মন্তব্যের প্রেক্ষিতেই এই তলব। ওই নেতা উত্তর-পূর্ব ভারতের সাত রাজ্যকে ভারত থেকে বিচ্ছিন্ন করার ডাক দেওয়ার পাশাপাশি বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়ার কথাও বলেছিলেন।

এই পরিস্থিতিতে ঢাকায় ভারতীয় দূতাবাস ও ভিসা কেন্দ্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত এই ভিসা কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্তকে তাই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে নিরাপত্তা সংক্রান্ত নির্দিষ্ট কারণ নিয়ে নয়াদিল্লি, আইভ্যাক বা বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসনের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। একই দিনে জুলাই সনদ নিয়ে গণভোটও হবে। নির্বাচন ঘোষণার পর থেকেই বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটছে এবং শোনা যাচ্ছে ভারতবিরোধী বক্তব্য। এই পরিস্থিতিতে বাংলাদেশে থাকা ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। ভোটের আগে পরিস্থিতি আরও অশান্ত হতে পারে বলে সম্প্রতি সতর্কবার্তা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাসও।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *