উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: শীত পড়তেই ফের বাঘের আতঙ্কে কুলতলির মৈপীঠ। বৃহস্পতিবার সকালে মৈপীঠ বৈকণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের কিশোরীমোহনপুর এলাকায় নদীর ধারে বাঘের পায়ের ছাপ দেখতে পান কয়েকজন গ্রামবাসী। মুহূর্তে খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কে ভরে ওঠে এলাকা। অনেকেই ছুটে গিয়ে নদীর ধারে পায়ের ছাপ দেখেন। খবর যায় মৈপীঠ উপকূল থানায় ও বন দপ্তরে। পৌঁছে যান পুলিশ-সহ বন দপ্তরের আধিকারিকরা। গ্রামবাসীদের নিরাপদ দূরত্বে সরিয়ে শুরু হয় তল্লাশি।
বন দপ্তরের প্রাথমিক অনুমান, রাতে লোকালয়ে বেরিয়ে এসেছিল বাঘটি, পরে আবার জঙ্গলে ফিরে গিয়েছে। সাম্প্রতিক সময়ে কুলতলি-মৈপীঠ এলাকায় বাঘের আনাগোনা নতুন নয়। কয়েক মাস আগে মাতলা ও মাকড়ি নদীর সংযোগস্থল পেরিয়ে দেউলবাড়ি গ্রামের ধানখেতে ঢুকে পড়েছিল একটি বাঘ। তখনও দীর্ঘ চেষ্টার পর সেটিকে জঙ্গলে ফেরানো হয়েছিল। প্রায়ই এই দুই নদীর মাঝের পথে বাঘ সরে এসে লোকালয়ে ঢুকে পড়ে বলে জানিয়েছে স্থানীয়রা।
ঘটনা নিয়ে জেলা বন আধিকারিক নিশা গোস্বামী জানিয়েছেন, কিশোরীমোহনপুরে যে পায়ের ছাপ মিলেছে, তা দু’ থেকে তিন দিন আগেকার। বাঘ এসেছিল ঠিকই, তবে এখন জঙ্গলে ফিরে গেছে। আতঙ্কের কিছু নেই, বনকর্মীরা পুরো অঞ্চল নজরে রাখছেন।










