কলকাতা: কসবার রাজডাঙা এলাকার একটি হোটেল থেকে শনিবার দুপুরে উদ্ধার হয় ৩৩ বছরের এক যুবকের দেহ। মৃতের নাম আদর্শ লোসাল্কা, পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। উদ্ধার হওয়ার সময় তাঁর দেহে কোনও পোশাক ছিল না। নাকের নীচে রক্তের দাগও পাওয়া গিয়েছে। প্রাথমিক অনুমান—খুন। তবে ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতেই নিশ্চিত হবে মৃত্যুর প্রকৃত কারণ।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ আদর্শ একটি পুরুষ ও এক মহিলাকে নিয়ে হোটেলে ঢোকেন। তিন জনেই পরিচয়পত্র দিয়ে ঘর ভাড়া নেন। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, রাত দেড়টা থেকে ২টার মধ্যে হোটেল ছেড়ে বেরিয়ে যান বাকি দু’জন। তাদের পর আর ফেরেননি কেউ। শনিবার দুপুরে যখন দরজা খোলা হয়, ভিতর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় আদর্শের দেহ।
কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) রূপেশ কুমার জানিয়েছেন, পরিচয়পত্রগুলি প্রকৃত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করা সম্ভব নয়।
আদর্শ বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা। মাঝেমধ্যে কাজের সূত্রে কলকাতায় থাকতেন। শুক্রবার রাতে বাবাকে ফোন করে বলেছিলেন, তিনি বাইকে করে নিউ আলিপুরের দিকে যাচ্ছেন—সেই ছিল শেষ কথা। এরপর বিকেলে পরিবারের কাছে পৌঁছয় মর্মান্তিক মৃত্যুর খবর।
পরিবার সূত্রে জানা গেছে, আদর্শ সাধারণত তিন বন্ধুর সঙ্গে ঘর ভাড়া করে থাকতেন। তবে শুক্রবার রাতে তিনি একাই বেরিয়েছিলেন। এরপর কীভাবে তিনি ওই দুই সঙ্গীর সঙ্গে হোটেলে পৌঁছলেন, তাঁরা কারা, এবং কী পরিস্থিতিতে মৃত্যু হল—এসব প্রশ্নের উত্তর এখনও অন্ধকারে।
পুলিশ হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। মৃতের দুই সঙ্গী বন্ধু, সহকর্মী না কি অপরিচিত—তা-ও তদন্তে পরিষ্কার হবে। তিন জন হোটেলে কেন গিয়েছিলেন, তা নিয়েও চলছে অনুসন্ধান।
রহস্যে মোড়া এই মৃত্যুকে ঘিরে কসবা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের সঙ্গীদের দ্রুত চিহ্নিত করে জিজ্ঞাসাবাদের চেষ্টা করছে পুলিশ।










