রণবীর সিংহ অভিনীত ‘ধুরন্ধর’ আগামী ৫ ডিসেম্বর, ২০২৫ বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। আদিত্য ধর পরিচালিত এই স্পাই-গ্যাংস্টার অ্যাকশন ড্রামা ট্রেলার প্রকাশের পর থেকেই তুমুল সাড়া ফেলেছে। নেটিজেনদের একাংশ আবার ছবিটির লুক, রক্তাক্ত অ্যাকশন ও প্রচারের ধরন দেখে রণবীর কপূরের ‘অ্যানিম্যাল’-এর সঙ্গে তুলনাও করছেন। উল্লেখযোগ্যভাবে, ‘অ্যানিম্যাল’-এর মতোই ‘ধুরন্ধর’-এর প্রচারও শুরু হয়েছিল একটি পুরনো পঞ্জাবি গানের রিক্রিয়েশন দিয়ে। এবার জানা গেছে, এই ছবির সম্ভাব্য দৈর্ঘ্যও ‘অ্যানিম্যাল’-এর মতোই।
সূত্রের খবর, ‘ধুরন্ধর’-এর চূড়ান্ত কাট প্রায় ৩ ঘণ্টা ২০ মিনিট রাখা হতে পারে। এটি আপাতত সম্ভাব্য দৈর্ঘ্য, কারণ নির্মাতারা এখনও সেন্সর বোর্ডে ফাইনাল প্রিন্ট জমা দেননি। যদি এই সময়সীমা অনুযায়ী ছবিটি সেন্সর হয়, তবে এটি হবে রণবীর সিংহের সবচেয়ে দীর্ঘ ছবি— যা ২০১৫-র ‘দিল ধড়কনে দো’ (২ ঘণ্টা ৫১ মিনিট)–কেও ছাড়িয়ে যাবে।
রণবীর কপূরের ‘অ্যানিম্যাল’-এর দৈর্ঘ্য ছিল ৩ ঘণ্টা ২১ মিনিট এবং ছবিটি A রেটিং পেয়েছিল। ‘ধুরন্ধর’-এর ট্রেলারে দেখানো হিংস্রতা ও রক্তাক্ত দৃশ্য দেখে অনুমান করা হচ্ছে, এই ছবিটিও A সার্টিফিকেট পেতে পারে। আগামী কয়েক দিনের মধ্যেই ছবির চূড়ান্ত দৈর্ঘ্য নিয়ে পরিষ্কার ধারণা মিলবে। ‘অ্যানিম্যাল’-এর পর ‘পুষ্পা ২’-এরও দৈর্ঘ্য ছিল প্রায় ২০০ মিনিট (৩ ঘণ্টা ২০ মিনিট)। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ২০২৩-এ ‘অ্যানিম্যাল’, ২০২৪-এ ‘পুষ্পা ২’— দুটি ছবি বক্স অফিসে দাপট দেখানোর পর এ বার ২০২৫-এর ডিসেম্বরের প্রথম সপ্তাহেই একই সাফল্য পুনরাবৃত্তির লক্ষ্যেই আসছে ‘ধুরন্ধর’।
‘ধুরন্ধর’-এ অভিনয় করেছেন রণবীর সিংহ, সঞ্জয় দত্ত, আর. মাধবন, অক্ষয় খান্না, অর্জুন রামপাল ও সারা অর্জুন। ১৮ নভেম্বর মুক্তি পেয়েছে ছবিটির ৪ মিনিট ৮ সেকেন্ডের ট্রেলার— মুক্তির তিন সপ্তাহ আগে। বক্স অফিসে রণবীরের সাম্প্রতিক ব্যর্থতার পর এই ছবি তাঁর কেরিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ছবিটির সিক্যুয়েলও তৈরি হবে, যা মুক্তি পাবে ২০২৬ সালের গ্রীষ্মে।










