সেপ্টেম্বরেই ঘোষণা হয়েছিল রাজ্যে প্রাথমিকে নতুন করে নিয়োগ হবে। অবশেষে সেই নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে বুধবার। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, টেট উত্তীর্ণ প্রার্থীরা ১৯ নভেম্বর থেকে অনলাইন পোর্টালের মাধ্যমে সরকার অনুমোদিত ও সরকার পৃষ্ঠপোষকতা-প্রাপ্ত প্রাথমিক ও জুনিয়র (বেসিক) বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে আবেদন করতে পারবেন।
চলতি বছরের সেপ্টেম্বর মাসে মোট ১৩,৪২১টি শূন্যপদের কথা ঘোষণা করেছিল পর্ষদ। তবে বিজ্ঞপ্তি প্রকাশের পরও আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়নি দীর্ঘদিন। চাকরিপ্রার্থীদের আন্দোলন চলতে থাকা অবস্থাতেই নতুন বিজ্ঞপ্তি জারি করে পর্ষদ জানাল, এবার শুরু হচ্ছে আবেদন গ্রহণ।
২০১৭ সালের পর আর প্রাথমিকে নিয়োগ হয়নি। প্রায় আট বছর পর ফের শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি জারি হওয়ায় চাকরিপ্রার্থীদের মধ্যে নতুন আশার বাতাস। গত সপ্তাহেই সল্টলেকে পর্ষদ কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন অসংখ্য আবেদনকারী। সেই আবহেই নিয়োগের পথ খুলল।
গত সেপ্টেম্বরের বিজ্ঞপ্তি অনুসারে, মোট ৫০ নম্বরের ভিত্তিতে প্রার্থীদের মূল্যায়ন হবে—মাধ্যমিকে ৫, উচ্চমাধ্যমিকে ১০, টেট-এ ৫, অতিরিক্ত পাঠক্রমে ৫, সাক্ষাৎকারে ৫ এবং অ্যাপটিটিউড টেস্টে ৫ নম্বর থাকবে। শিক্ষা দফতর আগেই জানিয়েছে, এ বছর রাজ্যের স্কুলগুলিতে প্রায় পঞ্চাশ হাজার শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে। তারই অংশ হিসেবে প্রাথমিকে শুরু হলো নিয়োগ প্রক্রিয়া।
এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে লিখেছেন, বুধবার থেকে অনলাইন পোর্টাল খুলে দেবে পর্ষদ, যাতে টেট উত্তীর্ণ যোগ্য প্রার্থীরা সহকারী শিক্ষক পদের জন্য আবেদন করতে পারেন।










