তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠির পর অনশন তুলে নিচ্ছেন মমতাবালা ঠাকুরপন্থী মতুয়ারা। মমতাবালা ঠাকুরের নেতৃত্বে ঠাকুরবাড়িতে চলা আমরণ অনশন সোমবার দুপুর ১২টায় তুলে নেওয়া হবে। তবে আন্দোলন যে বন্ধ হচ্ছে না, তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন মমতাবালা।
এসআইআর-এর প্রতিবাদে অনশনে বসেছিলেন মতুয়া মহাসংঘের একাংশ। তাঁদের অভিযোগ—এসআইআর চালু হলে বহু মতুয়ার নাম বাদ পড়বে। সেই কারণেই বড়মার ঘরের সামনে শুরু হয় অনশন।
রবিবার তৃণমূলের প্রতিনিধি দল অনশন মঞ্চে পৌঁছে মতুয়াদের সঙ্গে কথা বলেন। দলে ছিলেন স্নেহাশিস চক্রবর্তী, শশী পাঁজা ও তন্ময় ঘোষ। ওই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোনে কথা বলেন মমতাবালার সঙ্গে এবং অনশন প্রত্যাহারের অনুরোধ জানান। পরে মতুয়া মহাসংঘের উদ্দেশে আনুষ্ঠানিক চিঠিও পাঠান তিনি। সেই চিঠির পরই আলোচনায় বসে আন্দোলনকারীরা অনশন তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন।
মমতাবালা ঠাকুর বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি পাঠিয়েছেন। সেই সম্মানেই অনশন প্রত্যাহার করছি। বৃহত্তর আন্দোলনের স্বার্থে এই সিদ্ধান্ত।”
তন্ময় ঘোষ জানান, মতুয়াদের লড়াই এগিয়ে নিয়ে যেতেই পাশে রয়েছে তৃণমূল। তাঁর কথায়, “এই আন্দোলন ভবিষ্যতে কলকাতা থেকে দিল্লির রাস্তায় পৌঁছবে।”
তৃণমূলের বক্তব্য, এটি শুধু মতুয়া সমাজের নয়—বাংলার অধিকার ও ন্যায়ের লড়াই। বিজেপির “প্রতিহিংসার রাজনীতি” বাংলায় সফল হবে না বলেও দাবি করা হয়েছে।










