Home / প্রবন্ধ / ৯৩ রানে অলআউট! এর পেছনে নিশ্চয়ই কোনো গভীর রহস্য আছে

৯৩ রানে অলআউট! এর পেছনে নিশ্চয়ই কোনো গভীর রহস্য আছে

টেম্বা বাভুমার ছায়ায় ঢাকা পড়ে গেলেন শুভমন, পন্থ, বুমরাহেরা

জয়ন্ত মণ্ডল

ইডেন টেস্টে সাউথ আফ্রিকার কাছে ভারতের লজ্জাজনক হার নিয়ে এখন চতুর্দিকে আলোচনা। বিষয়টা এমন যে, ১২৪ রানের টার্গেট দেখলে আমাদের পাড়ার ক্লাবও হাসবে। কিন্তু সেই ১২৪ তাড়া করতে নেমে ভারত যখন ৯৩ রানে অলআউট হয়, তখন বুঝতে হবে এর পেছনে নিশ্চয়ই কোনো গভীর রহস্য আছে!

এই পরাজয়ের শুধুমাত্র প্রধান দুটি দিক নিয়ে একটু আলোচনা করা যাক। প্রথমত, ৯৩ রানে অলআউট। ভারতীয় ব্যাটিং লাইনআপের দিকে তাকালে এখন ভাবতে হচ্ছে, এটা টিম ইন্ডিয়া না কি একটা ‘কুইক ডেলিভারি সার্ভিস’। ব্যাটসম্যানরা এলেন, একটা-দুটো শট খেললেন, আর সঙ্গে সঙ্গে প্যাভিলিয়নে ফিরে গেলেন। যেন তাঁদের স্লোগান, “আমরা দ্রুত আসি, দ্রুত যাই, বোলার যেন বেশিক্ষণ না দাঁড়ায়!”

হয়তো বা ৯৩ রান দেখে, ব্যাটসম্যানরা ভাবছিলেন, “আরে, ডাবল ডিজিটে বেঁধে ফেলেছি, এটাই যথেষ্ট!” এ তো একটা টি-টোয়েন্টি ম্যাচের পাওয়ার-প্লে-র স্কোর। সেটা কি না একটা টেস্ট ম্যাচের চতুর্থ ইনিংসে, তাও ঘরের মাঠে…!

কিন্তু ব্যাট হাতে নেমে সবাই এমন ব্যস্ত হয়ে ফিরে যাচ্ছিলেন যে দেখে মনে হচ্ছিল, তাঁদের অন্য কোথাও জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে। অথবা, বিএলও আসার খবর পেয়ে কেউ কেউ তড়িঘড়ি এনিউমারেশন ফর্ম জমা দিতে যাচ্ছিলেন!

সংখ্যা সন্ধানীরা বলছেন, দেশের মাটিতে টেস্টের চতুর্থ ইনিংসে এটাই ভারতের সর্বনিম্ন স্কোর। এর আগে ২০০৬ সালে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ইনিংসে ১০০ রানে অল আউট হয়েছিল ভারত। সেই রেকর্ড এ দিন ভেঙে গেল।

তাড়া করতে ব্যর্থ হওয়া ভারতের সবচেয়ে কম টার্গেটগুলো:

• ১২০ – বনাম ওয়েস্ট ইন্ডিজ, ব্রিজটাউন, ১৯৯৭

• ১২৪ – বনাম দক্ষিণ আফ্রিকা, ইডেন গার্ডেন্স, ২০২৫

• ১৪৭ – বনাম নিউজিল্যান্ড, ওয়াংখেড়ে, ২০২৪

• ১৭৬ – বনাম শ্রীলঙ্কা, গালে, ২০১৫

• ১৯৩ – বনাম ইংল্যান্ড, লর্ডস, ২০২৫

• ১৯৪ – বনাম ইংল্যান্ড, এজবাস্টন, ২০১৮

আরও পড়ুন: টেস্ট ক্রিকেটে সর্বনিম্ন লক্ষ্য তাড়া করতে ব্যর্থ ভারত, ইডেনের হারে নতুন রেকর্ড

দ্বিতীয়ত, ঐতিহাসিক ব্যর্থতার নতুন মাপকাঠি! ইতিহাসে নাম লেখানো সহজ নয়! ভারত সেটাই করে দেখাল। তারা ১২০ রানের রেকর্ড ভাঙতে পারেনি, কিন্তু ১২৪ রানের টার্গেট তাড়া করতে ব্যর্থ হয়ে দ্বিতীয় সর্বনিম্ন টার্গেট তাড়া করতে না পারার রেকর্ড গড়ল! এটা হল সেই বিখ্যাত ডায়লগের মতো, “যদি জিততেই না পারো, তবে এমনভাবে হারো যাতে হারটাও আলোচনার বিষয় হয়ে ওঠে!”

ক্রিকেট বোদ্ধারা বলছেন, গম্ভীর-যুগের এই হার প্রমাণ করল, ভারতীয় দল এখন শুধু জেতার জন্যই খেলে না, তারা ‘রেকর্ড তৈরির শিল্পের’ প্রতিও মনোযোগ দেয়—তা সে গর্বের হোক বা লজ্জার।

শেষ পাতে আসা যাক গভীর রহস্য প্রসঙ্গে। এই রহস্যের সমাধান হয়ে যাবে একটি প্রশ্নের উত্তর মিললেই। এখন দলটা আসলে চালাচ্ছেন কে? দলের নেতৃত্ব এখন আসলে কার হাতে? অধিনায়ক শুবমন গিল, না কি ‘সিনিয়র তাড়ানো’ কোচ গৌতম গম্ভীরের?

পড়তে পারেন: এসআইআর এখন নতুন থ্রিলার

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *