Home / খবর / রাজ্য / নামছে পারদ, বাড়ছে শীতের আমেজ

নামছে পারদ, বাড়ছে শীতের আমেজ

কোলফিল্ড টাইমস: শনিবার সকাল থেকেই শহরে অনুভূত হচ্ছে হালকা হিমেল হাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিনে পারদ আরও নামবে, ফলে শীতের আমেজ আরও বাড়বে।

শুক্রবার রাতে কলকাতার তাপমাত্রা ছিল ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস, শনিবার তা নেমে হয়েছে ২১.৬ ডিগ্রি। দফতরের পূর্বাভাস, রবিবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রির আশপাশে এবং সর্বোচ্চ ২৯ ডিগ্রি। সোমবার থেকে তা আরও নামতে পারে।

দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই ঠান্ডা হাওয়া বইছে। বীরভূমের শ্রীনিকেতনে শনিবার তাপমাত্রা নেমেছে ১৫.৮ ডিগ্রিতে, যা শুক্রবার ছিল ১৯.৪ ডিগ্রি। দার্জিলিংয়ে শনিবার পারদ দাঁড়ায় ১১.২ ডিগ্রিতে, আগামী দু’দিনে তা দশের নীচে নামার সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা আরও ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। পুরুলিয়ায় গত চার দিনে তাপমাত্রা কমেছে প্রায় ৮ ডিগ্রি। বীরভূমেও প্রায় একই প্রবণতা।

আগামী সপ্তাহে রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রির নীচে, আর সর্বনিম্ন থাকবে ১৮–১৯ ডিগ্রির মধ্যে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৫৫ থেকে ৮৪ শতাংশের মধ্যে।

আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দার্জিলিং ও পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় রবিবার ও সোমবার হালকা বৃষ্টি হতে পারে। সকালবেলায় পাহাড়ি অঞ্চলে কুয়াশার দাপটও থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *